ইশতেহার

Ri Hossain's Poetry Ri Hossain's Poetry


আমি নির্বাচিত হলে
আমার শহর থেকে নির্বাসিত হয়ে যাবে কবিরা
অথবা তারা ফেরিওয়ালা হয়ে যাবে
ঝাঁ চকচকে রাস্তায় তারা হাঁক দিয়ে যাবে প্রেমের
কিন্তু আলোকিত ঘরগুলো পরিপূর্ণ প্রেমে
তাদের প্রত্যাখ্যান করবে।

আমি জয়যুক্ত হলে
প্রয়োজনহীন করে দেব অফিস-আদালত
ব্যাংকের ক্যাশিয়ার টাকা দিতে চলে আসবে ড্রয়িং রুমে
হেডলাইটে ছানি পড়ে যাবে বাস, মেট্রো, প্রাইভেট কারের
জয়ের আনন্দে শহরজুড়ে হবে ধুম বৃষ্টি
সেই বৃষ্টিতে জয়গান গাইবে জিয়া উদ্যানের টিয়া,
আর রামপুরার ফিঙে ও যাত্রাবাড়ীর দোয়েলেরা নাচবে।

আমি নির্বাচিত হলে
শহর থেকে উচ্ছেদ হয়ে যাবে রমনা পার্ক
আরও যত বৃক্ষোদ্যান আছে সব
ফ্লাইওভারগুলো ছেয়ে যাবে ফলদ বৃক্ষের ছায়ায়
বস্তিতে বস্তিতে বসতি বানাব সবুজের
এ শহরের মানুষেরা পাখি হয়ে যাবে।

হে শালিক, হে চড়ুই, হে সোনালু ফুল
আমাকে ভোট দাও; নির্বাচিত করো…
আমার জন্য মিছিল করো হে ফুটপাত
হে ঢাকার নির্যাতিত অলিগলি, রাজপথ
আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করো…
তারপর এ শহর তোমাদেরই হয়ে যাবে।

©রি হোসাইন